Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে মন্দিরের প্রাচীর ভেঙে আটজন নিহত

শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পিএম

ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আটজন দর্শনার্থীর মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৩০ এপ্রিল) ভোরে বিশাখাপতনমের “শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী” মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, “অক্ষয় তৃতীয়া”র কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোররাত থেকে পূজা দিতে গিয়েছিলেন। সেই সময়েই মন্দিরের একটি ২০ ফুট দীর্ঘ প্রাচীর ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, রাত প্রায় আড়াইটা থেকে ওই এলালকায় ভারী বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে।

রাজ্যের ধর্মস্থান বিষয়ক দপ্তরের প্রধান সচিব বিনয় চান সংবাদ সংস্থা এএনআইকে বলেন. “দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া উচিত নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।”

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।

দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী তেলেঙ্গানার রাজনৈতিক নেতানেত্রীরা।

   

About

Popular Links

x