Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভ্রমণ প্যাকেজ বুকিং দিয়ে ঠকতে না চাইলে সতর্ক থাকবেন যেসব বিষয়ে

একটু সচেতন হলেই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায়

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম

ভ্রমণ পিপাসুদের অনেকেই বিভিন্ন এজেন্সির ট্যুর প্যাকেজের মাধ্যমে ভ্রমণে যেয়ে থাকেন। একা কিংবা দুজন ভ্রমণে যেতে খরচ বেশি পড়ে, আবার অনেকের সঙ্গে গেলে দূরের ভ্রমণে নিরাপত্তার বিষয়টিও বেশ সুরক্ষিত থাকে। তাই এসব ট্যুর প্যাকেজ বেশ জনপ্রিয়। আর এই সুযোগটিকেই কখনো কখনো লুফে নেয় প্রতারক চক্র। চটকদার বিজ্ঞাপনের দিয়ে হাতিয়ে নেয় টাকা।

পাঁচতারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা। সুইমিংপুল সুবিধাসহ কমপ্লিমেন্টারি নাশতা। ঢাকা থেকে বিমানে যাতায়াত। এসব প্রতারক চক্র থেকে এরকম অনেক আকর্ষণীয় সুযোগ-সুবিধাসহ বিজ্ঞাপনের সঙ্গে দেওয়া হয় বেশ সাশ্রয়ী মূল্যের অফার। শুধু দেশ নয়, বিদেশের ক্ষেত্রেও থাকে এরকম অনেক ট্যুর প্যাকেজের অফার।

এমন প্যাকেজ দেখে অনেকেই সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন, কেউ কেউ বুকিংও দিয়ে ফেলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় টালবাহানা। আজ নয় কাল নিয়ে যাবে, এ মাসে নয়, পরের মাসে ফ্লাইট। এভাবে একসময় ভুক্তভোগীরা বুঝতে পারেন প্যাকেজ বুকিং করে তারা প্রতারিত হয়েছেন।

দেশ-বিদেশে স্বল্প খরচে ভ্রমণের নামে অর্থ হাতিয়ে নেওয়ায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন অনেকে।

তবে একটু সচেতন হলেই বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়া যায়। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

লোভনীয় অফার দেখলে সন্দেহপ্রবণ হোন। ভালোভাবে যাচাই করুন ওই ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে। খোঁজ নিন তাদের পূর্বের কর্মকাণ্ড সম্পর্কে।  

ভ্রমণ পরিচালনাকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক গ্রুপটি কতটা নির্ভরযোগ্য, তা তাদের কার্যক্রম দেখে বোঝার চেষ্টা করুন। বৈধ ব্যবসায়িক লাইসেন্স আছে কি-না, সেটিও যাচাই করুন।

অভিজাত এলাকায় অফিস হলেই প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রাখবেন না। পরিচিত কেউ সেবা নিয়ে থাকলে তার অভিজ্ঞতা শুনুন।

একই সেবা সমমানের অন্য কোনো প্রতিষ্ঠানের চেয়ে কম মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকলে সন্দেহ করুন, কেন এমন অফার দিল, তা জানার চেষ্টা করুন।

বিদেশে ভ্রমণের ক্ষেত্রে প্যাকেজ বুকিংয়ের আগে প্রতিষ্ঠানটির সুনাম ও ব্যবসায়িক প্রোফাইল ঘেঁটে দেখুন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি টোয়াব, আটাবসহ পর্যটন ও ভ্রমণসংক্রান্ত নিবন্ধিত কোনো সংগঠনের সদস্য কি-না, তা যাচাই করে নিন।

কোনো কারণে আপনি ভ্রমণ বাতিল করলে বুকিং মানি কীভাবে ফেরত পাবেন, সেই নীতিমালাও আগেভাগে জেনে নিন।

প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল না পেলে সন্দেহ করুন। প্রতারিত হয়েছেন সন্দেহ হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানান।

সূত্র: প্রথম আলো অবলম্বনে

   

About

Popular Links

x