গরমে পুড়ছে পুরো দেশ। কোথাও তীব্র, কোথাও মাঝারি, আবার কোথাও বইছে মৃদু তাপপ্রবাহ। আবহওয়া অধিদপ্তর বলছে, প্রকৃতির এমন রুদ্র রুপ থাকবে আরও কিছুদিন। সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন।
স্বাভাবিক কাজকর্মে পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। গরমে সুস্থ থাকতে নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তীব্র গরমে নানা অস্বস্তির সঙ্গে চুল নিয়েও বিড়ম্বনা কম নয়। এই গরমে চুল খুলে রাখলে অনেকেই অস্বস্তি লাগে। আবার চুল বেঁধে রাখলের মাথা ঘেমে যায়। অনেকে তাই এ সময়ে চুল ছোট করে কেটে ফেলেন। কিন্তু, শখের চুল কাটতে কারই বা ভালো লাগে!
এ সময়ে তাই একটু কায়দা করে চুল বেঁধে নিলেই এড়ানো যায় গরমের বিড়ম্বনা। চলুন, জেনে নেওয়া যাক চুল বাঁধার এমন কিছু কায়দা সম্পর্কে; যা কম সময়ে চট করে বেঁধে ফেলা যায়। এমনকি যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যাবে চুল বাঁধার এসব স্টাইল, যাওয়া যাবে বিভিন্ন অনুষ্ঠান এবং অফিসেও।
মেসি বান
অফিস কিংবা যেকোনো অনুষ্ঠান; এই গরমে মেসি বান একেবারে পারফেক্ট। যেভাবে চুলে আলগা খোঁপা বাঁধেন, সেই ভাবেই হাত ঘুরিয়ে মেসি বান বেঁধে নিন। আশপাশ থেকে ছোট ছোট লক্স বের করে রাখতে পারেন। নিশ্চিত থাকুন, এভাবে চুল বাঁধলে দেখতে সুন্দর লাগবে; কমবে গরমের অস্বস্তিও।
ব্রেডেড ক্রাউন
এভাবে বাঁধার জন্য প্রথমেই ভালো করে আঁচড়ে, চুল দুই ভাগে ভাগ করে নিন। এরপর চুলের ডান দিকের নিচের অংশ থেকে খানিকটা নিয়ে সেদিক থেকে কানের পাশ দিয়ে সামনের দিকে বিনুনি করে নিন। বেনুনি হয়ে গেলে সামনের অংশটা ব্যান্ডের মতো দেখাবে। এরপর সামনে থেকে বাঁম দিকে বিনুনি করুন। হয়ে গেলে চুলে একটি গার্ডার লাগিয়ে নিন। তারপর মাথার চারপাশে পেঁচিয়ে কয়েকটা পিন দিয়ে আটকে দিন। দেখতে সুন্দর তো লাগবেই, পাবেন গরমেও আরাম।
পনিটেল উইথ স্কার্ফ
প্রথমে সুন্দর একটি রবার ব্যান্ড দিয়ে সমস্ত চুল উঁচু করে পনিটেল করুন। এবরপর পোশাকের রঙের সঙ্গে মানানসই একটি স্কার্ফ চুলের গোড়ায় ওই স্কার্ফ জড়িয়ে দিন। স্কার্ফের লম্বা অংশটি দিয়ে বো করে নিন। সৌন্দর্য্য এবং স্বাচ্ছন্দ্য দুটোই মিলবে এভাবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা



