সরকার কোনোভাবেই ভুল বা বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন) সহ্য করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে খাল খনন কর্মসূচির অগ্রগতি নিয়ে সরকারের বক্তব্য একটি জাতীয় দৈনিকের ফটোকার্ডে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করার বিষয়ে তিনি এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমরা আসলে এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা ডিসইনফরমেশন বেসড ফটোকার্ড অ্যালাও করব না।”
বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অবস্থা থেকে দেশকে টেনে তুলতে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, সেখানে ভুল তথ্য সংকট আরও বাড়িয়ে দেয় বলে জানান তিনি।
জ্বালানি তেলের মজুত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে উপদেষ্টা বলেন, “বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন, অকটেন ৪৪ হাজার ৪৮৩ টন, পেট্রোল ১৯ হাজার ৩ টন, ফার্নেস অয়েল ৩৭ হাজার ৯৬ টন, জেট ফুয়েল ২১ হাজার ২৩৫ টন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও বড় চালান দেশে পৌঁছাবে।”
পাম্পগুলোতে ভিড় কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকেই আতঙ্কে তেল ঘরে মজুত করছেন, যার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের দুশ্চিন্তা দ্রুতই কেটে যাবে।”
দেশে জঙ্গিবাদ আছে কি নেই এই বিষয়ে উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, গত দেড় বছরে এই গোষ্ঠীগুলো কিছুটা সংগঠিত হওয়ার সুযোগ পেলেও সরকার এগুলো দমনে কাজ করছে। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার একে শূন্যের কোটায় নামিয়ে আনবে।



