Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুসিক উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাহার কন্যা সূচনা

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমার মেয়ে হিসেবে বলছি না। তার ধমনীতে আমার রক্ত আছে। আমি বিশ্বাস করি, সে আমার মতোই জনগণের জন্য কাজ করবে’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উপ-নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তার নাম ঘোষণা করা হয়।

ডা. সূচনার বাবা কুমিল্লা-৬ (সদর) আসনের চার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। এতে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের কমিটির নেতাকর্মীদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। নেতাকর্মীরা আওয়ামী লীগের সমর্থিত একক প্রার্থী হিসেবে তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেন। এরপর মহানগর সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়ে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

আ ক ম বাহাউদ্দিন বাহার/ফেসবুক

দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন বলেন, “সভায় উপস্থিত সকলের সম্মতিতে মেয়র প্রার্থী হিসেবে ডা. তাহসিন বাহার সূচনার নাম চূড়ান্ত করা হয়েছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিজয়ের জন্য কাজ করব।”

সভায় বক্তব্যে ডা. তাহসিন বাহার সূচনা বলেন, “গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেক প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন। তারা সবাই আমাকে সমর্থন দিয়ে কৃতজ্ঞ করেছেন।”

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, “আমার মেয়ে হিসেবে বলছি না। তার ধমনীতে আমার রক্ত আছে। আমি বিশ্বাস করি, সে আমার মতোই জনগণের জন্য কাজ করবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে ঠেকাতে পারে, কারণ সবার সমর্থন তার সঙ্গে।”

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

   

About

Popular Links

x