পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ বলেছেন, “অনৈতিক সুবিধা নিতে নয়,আপনাদের (জনগণ) সেবা করতে এসেছি। যতদিন বেঁচে আছি আমরা মানুষের সেবা করে যাব। মানুষের জন্য জীবন বিলিয়ে দেব।”
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সোমবার (৩ জুন) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি বালুর মাঠে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক মহিউদ্দীন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহারাজ বলেন, “আমরা রাজনীতি করছি মানুষের জন্য। ঘূর্ণিঝড় রিমালের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এলাকায় ফিরে এসেছি। চেষ্টা করছি আমাদের সাধ্যমতো মানুষের সেবা করতে। মানুষের সেবা আমাদের পারিবারিক শিক্ষা।”
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য বলেন, “আমরা পর্যায়ক্রমে উন্নয়ন কাজ করতে এসেছি। এই এলাকায় রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণ করা হবে। গার্ডার ব্রিজ ছাড়া আর কোনো ব্রিজ থাকবে না।”
উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা আপনাদের কাছ থেকে চাঁদা নিতে আসি নাই। এসেছি আপনাদের পাশে থাকতে, উন্নয়ন করতে, সুবিধা-অসুবিধা দেখতে। দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, স্বরূপকাঠী পৌরসভা মেয়র জি এম কবিরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।



সাবেক এপিএস মহারাজের কাছে হারলেন তিনবারের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু