Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

নবজাতকের নাম ‘তারেক রহমান’ রাখলে বিশেষ সুবিধার ঘোষণা যুবদল নেতার

পটুয়াখালীতে আজ যেসব শিশু জন্ম নেবে তাদের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

পটুয়াখালী জেলা হাসপাতাল ও ক্লিনিকে আজ যেসব শিশু জন্ম নেবে তাদের নাম তারেক রহমান রাখলে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান।

রবিবার (২৭ অক্টোবর) পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালিতে এদিন পাঁচ শতাধিক দুস্থ-অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

রবিবার সকালে শহরের বনানী মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া ও বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি।

সাধারণ সম্পাদক শিপলু খানের পরিচালনায় ও জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, “কোনো বাবা-মা যদি আজকে জন্ম নেওয়া শিশুর নাম তারেক রহমান রাখেন, তাহলে ওই শিশুর ভবিষ্যৎ আলোকিত করতে সব দায়িত্ব নেবে জেলা যুবদল।”

এ ব্যাপারে জানতে চাইলে শিপলু খান অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “আজকে পটুয়াখালী হাসপাতাল ও ক্লিনিকে যেসব শিশু জন্মগ্রহণ করবে তাদের আমরা অভিনন্দন জানাব। তাদের মধ্যে যদি কোনো শিশুর নাম তারেক রহমান রাখা হয় তাহলে জেলা যুবদলের পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।”

   

About

Popular Links

x