ফুটবল বিশ্বকাপকে ঘিরে আবারও উন্মাদনায় মেতেছে পুরো দেশ। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সমর্থকরা নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্তদের মধ্যে চলছে ভিন্নধর্মী প্রতিযোগিতা।
এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বন্দরের তিন তরুণ ব্যবসায়ী। তারা নিজেদের ঈদের খরচ থেকে সঞ্চয় করে প্রায় ১০ হাজার টাকা ব্যয়ে পুরো লঞ্চঘাটকে আর্জেন্টিনার সাদা-আকাশি রঙে সাজিয়ে তুলেছেন। ফলে স্থানটি এখন আর্জেন্টিনা সমর্থকদের কাছে জনপ্রিয় ছবি তোলার স্পটে পরিণত হয়েছে।
নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বন্দর উলানিয়া। সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ এই বন্দর ব্যবহার করেন। এখানেই ব্যবসা করেন স্বজল সূত্রধর, সোহেল চৌকিদার ও সোহাগ নামে তিন বন্ধু। তারা সবাই আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক।
তাদের ভাষ্য, গত ঈদ-উল-আজহায় ব্যক্তিগত খরচ কমিয়ে তারা আর্জেন্টিনার বড় আকারের পতাকা, ফেস্টুন ও ব্যানার তৈরি করেন। পরে সেগুলো দিয়ে লঞ্চঘাটের পন্টুন ও যাত্রীছাউনি সাজিয়ে তোলেন।
উদ্যোক্তাদের একজন স্বজল সূত্রধর জানান, মেসির খেলা দেখেই তার আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জন্মেছে। সেই ভালোবাসার প্রকাশ ঘটাতেই বন্ধুদের সঙ্গে মিলে পুরো ঘাট সাজানোর পরিকল্পনা করেন, যাতে দূর থেকেই এটি আর্জেন্টিনা সমর্থকদের এলাকা হিসেবে পরিচিত হয়।
ঘাটটি সাজানোর পর প্রতিদিন বহু যাত্রী সেখানে ছবি তুলছেন। স্থানীয় বাজার, চায়ের দোকান ও আড্ডার স্থানগুলোতেও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে “মেসির ঘাট”।



