Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপের কোয়ার্টারে মুখোমুখি ফ্রান্স-মরক্কো, কার রেকর্ড কী বলছে?

জার্মানি ও ইতালির বিপক্ষে এই ধাপ থেকেই বিদায়ের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে ফ্রান্সের

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০১:১২ এএম

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে বর্তমান শক্তিধর ফ্রান্স ও আফ্রিকার সেরা প্রতিনিধিদের অন্যতম মরক্কোর মধ্যকার লড়াই। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি এবার হচ্ছে শেষ আটের মঞ্চে, যেখানে একদিকে অভিজ্ঞতার ভাণ্ডার, অন্যদিকে ইতিহাস গড়ার প্রেরণা নিয়ে মাঠে নামবে দুই দল।

বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স এবার নবমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে। এর আগে আটটি কোয়ার্টার ফাইনালের মধ্যে ছয়টিতেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লে ব্লুরা। ১৯৯৮ ও ২০১৮ সালে এই পথ ধরেই তারা বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতেছিল। ফলে শেষ আটের মঞ্চে খেলার অভিজ্ঞতায় ফরাসিরা নিঃসন্দেহে এগিয়ে।

তবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের স্মৃতিতে শুধু সাফল্যই নেই। জার্মানি ও ইতালির বিপক্ষে এই ধাপ থেকেই বিদায়ের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে তাদের।

অন্যদিকে মরক্কোর জন্য এটি বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। তবে অল্প সময়েই তারা গড়ে ফেলেছে অনন্য এক কীর্তি। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে উঠে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল অ্যাটলাস লায়ন্সরা। এবারও কোয়ার্টার ফাইনালে ওঠার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে টানা দুই আসরে শেষ আটে খেলার রেকর্ড গড়েছে তারা।

সব মিলিয়ে পরিসংখ্যান বলছে, অভিজ্ঞতায় এগিয়ে ফ্রান্স। তবে আত্মবিশ্বাস ও ইতিহাস গড়ার অনুপ্রেরণায় কোনো অংশে পিছিয়ে নেই মরক্কো। তাই কোয়ার্টার ফাইনালের এই মহারণে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

   

About

Popular Links

x