Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুঝেছো ইয়ামাল, এই ট্রফি লইবো কিনে!

টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার কোনো কমতি নেই

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব না থাকলেও টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার কমতি নেই। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে কোটি কোটি সমর্থকের আবেগ, বিশাল পতাকা, জার্সি, রাতভর খেলা দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক, সব মিলিয়ে বিশ্বকাপ যেন এক উৎসব।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের ট্রল, মিম ও ব্যঙ্গাত্মক পোস্ট।

বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে নতুন নতুন কনটেন্ট তৈরি করছেন সমর্থকেরা। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ট্রল—‘বুঝছো ইয়ামাল, এই ট্রফি লইবো কিনে!’

ট্রলটিতে বাংলা সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ‘দুই বিঘা জমি’-এর একটি জনপ্রিয় সংলাপকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়েছে। সেখানে যেমন ক্ষমতাবান জমিদারের দখলদারির প্রসঙ্গ উঠে আসে, তেমনি ট্রলে ইঙ্গিত করা হয়েছে, মেসি যেন আবারও বিশ্বকাপ ট্রফি জোর করেই নিজের করে নিতে চলেছেন। ব্যঙ্গাত্মক এই উপস্থাপনাই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশ্বকাপজুড়ে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি খোঁচা, ট্রল ও মিম বিনিময় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবারের ফাইনালকে সামনে রেখে সেই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। মেসি-সমর্থক ও মেসি-বিরোধী, উভয় পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে তৈরি করছে নতুন নতুন কনটেন্ট।

ফাইনালের ফল যাই হোক না কেন, বাংলাদেশে বিশ্বকাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের এই সৃজনশীল ট্রল সংস্কৃতি আবারও প্রমাণ করছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে দেশের সমর্থকদের আবেগ ও অংশগ্রহণ কোনো অংশেই কম নয়।

   

About

Popular Links

x