বাংলাদেশ সময় আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২৩ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।
এর আগে একবারই আর্জেন্টিনা ও কলম্বিয়ার দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।
এদিকে, বৃহস্পতিবার (১১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। আর্জেন্টিনা ও কলম্বিয়ার শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন হাফায়েল ক্লাউস।
দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচে তার দায়িত্ব পালন করা নতুন কিছু নয়। কাতারে ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো ম্যাচে ছিলেন তিনি। চলতি কোপা আমেরিকায় মেক্সিকো বনাম ভেনেজুয়েলার গ্রুপ পর্বের ম্যাচেও রেফারি ছিলেন ক্লাউস।
হাফায়েল ক্লাউস এই ম্যাচে সহকারী হিসেবে পাবেন দুই স্বদেশি রেফারি ব্রুনো পিরেস ও রদ্রিগো কোহেয়াকে। এছাড়া চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসেবে থাকছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কারদোসো।
ভিএআর পরিচালনা করবেন ব্রাজিলের হোদোলফো তস্কি। তাকে সহযোগিতার জন্য থাকছেন দুই স্বদেশি দানিলো মানিস ও দানিয়েল নব্রে।



