নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে ছিল নানা নাটকীয় ঘটনা। চোট পেয়ে মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি। ৬৬ মিনিটে বদলি করা হয় তাকে।
মাঠ ছাড়ার সময় হতাশায় বারবার মুখ ঢাকছিলেন মেসি। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের চোখেমুখেও ছিল একই রকম হতাশা। একটু পর মেসি ডাগআউটে বসে কেঁদেওছেন। মেসির বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।
৬৩ মিনিটে দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পেশিতে টান লাগে মেসির। মাঠে পড়ে যান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পর বাইরে চলে যান আর্জেন্টিনার অধিনায়ক।
দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রথম আক্রমণটা করেছিল আর্জেন্টিনা। কিন্তু এরপর থেকেই ম্যাচে শুরু হয় কলম্বিয়ার আধিপত্য। পুরো প্রথমার্ধেই আর্জেন্টিনার ওপরে ছড়ি ঘুরিয়েছেন হামেস রদ্রিগেজ–লুইস দিয়াজরা।



