Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘কারার ওই লৌহ কপাট’ গানের স্বত্ব নিয়ে যা বললেন কাজী নজরুলের নাতনি

কয়েক দিন ধরেই ‘কারার ওই লৌহ কপাট’ গান নিয়ে চলছে বিতর্ক। সুর বিকৃত করার অভিযোগ উঠেছে এ আর রহমানের বিরুদ্ধে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‌রাজাকৃষ্ণ মেনন পরিচালিত সিনেমা “পিপ্পা”। এতে কাজী নজরুল ইসলামের “কারার ওই লৌহ কপাট” গানটি নতুনভাবে সুর করেছেন ভারতীয় গায়ক ও সঙ্গীত পরিচালক এ আর রহমান। এ নিয়ে দুই বাংলার সাধারণ মানুষ ও শিল্প-সংস্কৃতি ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এ নিয়ে কথা বললেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমি অনিন্দিতা কাজী নজরুল ইসলামের নাতনি, বর্তমানে নিউজার্সি প্রবাসী। দাদুর ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি সুর বিকৃতি ঘটিয়েছেন বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী এ আর রহমান। বিশ্বজুড়ে বিতর্কের ঝড়ে তোলপাড়। আমার মা কল্যাণী কাজী, যার বেঁচে থাকাই ছিল নজরুলকে নিয়ে, নজরুলকে ঘিরে, নজরুলকে তিনি ধারণ করেছিলেন। তিনি ২০২১ সালে গানটি অবিকৃত রেখে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বলে জানতে পারি। কিন্তু এর পরিণতি এমন হবে তিনি ভাবতেও পারেননি।”

তিনি আরও লেখেন, “পরিবার থেকে অনেক টাকা নিয়ে গানটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ২০২১ সালে কি চুক্তি হয়েছিল সেটা জানা প্রয়োজন, তাহলে সব বিতর্কের অবসান হবে এবং যারা চুক্তির বিপক্ষে গিয়ে এ কাজটি করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাবে।”

সকলের সহযোগিতার কথা উল্লেখ করে অনিন্দিতা আরও লেখেন, “সার্বিক স্বচ্ছতার কারণে এবং পরিবারের একজন সদস্য হিসেবে এ অজানা বিষয়টি জানার দাবি রাখি। মিডিয়া থেকে জানতে পারি, চুক্তির কাগজ কাজী অনির্বাণের কাছে আছে। পরিবারের অন্যতম সদস্য হিসেবে আমি সেটা দেখতে চাই, পেতে চাই ও বিষয়টি পরিষ্কার করতে চাই। সকলের সহযোগিতা চাই।”

   

About

Popular Links

x