বাবা সিদ্দিকির হত্যার পর থেকে বেশ আলোচনায় রয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। দুই যুগ ধরে এই গ্যাংস্টারের নিশানায় রয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ধাপে ধাপে অনেকবার প্রাণনাশের হুমকিও পেয়েছিন তিনি। বর্তমানে গুজরাটের একটি জেলে বন্দী রয়েছেন লরেন্স বিষ্ণোই। তবে জেলের ভেতরে থেকেও গ্যাংকে নিয়ন্ত্রণ করছেন তিনি। সম্প্রতি এই কুখ্যাত গ্যাংস্টারকে মারতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্ষত্রিয় করণী সেনার জাতীয় সভাপতি রাজ শেখাওয়াত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ভিডিও পোস্টে এ বার্তা দেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম নবভারত টাইমসের।
ভারতের রাজস্থানের সংগঠিত এই বাহিনীর সভাপতি ভিডিওতে বলেন, “করণী সেনার সাবেক প্রধান সুখদেব সিং গোগামেদিকে ২০২৩ সালের ৫ ডিসেম্বর লরেন্সই খুন করিয়েছিলেন। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই বিষ্ণোই গ্যাং সেই দায়ভার নিয়েছিল। তাই যে পুলিশ কর্মকর্তা লরেন্সকে এনকাউন্টারে খতম করতে পারবে, তাকে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ রুপি পুরস্কার দেওয়া হবে।”
জেলে থেকেও বিষ্ণোই তার গ্যাংকে নিয়ন্ত্রণ করছেন। আন্তর্জাতিক পর্যায়ের অপরাধ চক্রের সঙ্গেও তার যোগসূত্র রয়েছে। বাবা সিদ্দিকির হত্যার পর সালমানকে হুমকি দেওয়ার পাশাপাশি ৫ কোটি টাকা দাবি করেছে এই গ্যাংয়ের সমর্থকরা।
উল্লেখ্য, রাজপুতদের সংগঠিত করার জন্য প্রধানত ক্ষত্রিয় করণী সেনা গড়ে তোলেন লোকেন্দ্র সিং কালভি। রাজপুত এই নেতা ২০০৬ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রাথমিক লক্ষ্য ছিল রাজপুতদের জন্য সরকারি শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ। পরবর্তী সময়ে রাজপুতদের জাতিগত সম্মান ও স্বার্থ রক্ষাই হয়ে ওঠে সংগঠনের মূল লক্ষ্য।



