আগামী অর্থবছরে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সময় আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সংক্রান্ত বাধ্যবাধকতায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সঞ্চয়পত্র কেনা আরও সহজ হবে।
এছাড়া, ক্রেডিট কার্ড এবং ট্রেড লাইসেন্স নেওয়ার সময়ও রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না। এতদিন ৪৬টি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা ছিল।
সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকরের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রস্তাবিত বাজেট ঘোষণায় বলা হয়, ক্রেডিট কার্ড নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না। ট্রেড লাইসেন্স নিতেও রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না। বর্তমানে ৪৬টি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। এসব ৪৬ সেবার মধ্যে এখন ১১ ধরনের সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না। শুধু কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করলেই এসব সেবা পাওয়া যাবে।



