Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেপ্তার

বাংলাদেশের অনুরোধে জেল হত্যা মামলায় অভিযুক্ত সাবেক এই রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করা হয়ে বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৭ পিএম

ঢাকার অনুরোধে মালেয়শিয়ায় অবস্থানরত বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের জেলহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মালয়েশীয় দৈনিক “দ্য স্টার” এর এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদিন জানিয়েছেন তাকে “আইন মেনে” গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার মালয়েশীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে। খায়রুজ্জামান এক দশকেরও বেশি সময় ধরে মালেয়শিয়ায় বসবাস করছেন বলে জানিয়েছে দেশটির মিডিয়া।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন, খায়রুজ্জামানকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামান ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইন্টারনেট থেকে পাওয়া একটি ছবির সূত্র থেকে জানা যায়, জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীন বাংলার প্রথম সরকারকে নেতৃত্ব দেওয়া চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান হত্যা মামলার আসামি খায়রুজ্জামান।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খায়রুজ্জামানকে ফিলিপাইনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পদ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর খায়রুজ্জামানকে জামিন দেওয়া হয়।

 ২০০৩ সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে পুনরায় নিযুক্ত করা হয় এবং ২০০৪ সালে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়। বিএনপির সরকারের আমলে তিনি ২০০১-২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলহত্যা মামলা থেকে নাম বাদ পড়ার তিন বছর পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তাকে মালয়েশিয়ায় হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে খায়রুজ্জামানকে ঢাকায় ফিরতে বললেও তিনি জাতিসংঘের শরণার্থী কার্ডের মাধ্যমে মালয়েশিয়াতে থাকছিলেন৷

   

About

Popular Links

x