বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “িআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।”
এদিকে, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। রবিবার ১৩তম দফায় সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালন করছে। এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে।



