নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম নিহত হয়েছেন। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদিল মাহমুদ বলেন, “এখনই সবকিছু বিস্তারিত বলা যাচ্ছে না। এলাকায় টিম রয়েছে। আমরা কাজ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০/১২ জন রাসেল চেয়ারম্যানের বাড়িতে বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন ভাঙচুর-লুটপাট চালাতে থাকে। এসময় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে শান্তা পিঠে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিল। বাধা দিতে গেলে নারীসহ কমপক্ষে ৫-৬ জনকে আহত করা হয়। একই সঙ্গে চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। সোহেলের নামে এর আগেও ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে।



