Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সন্তান জন্মের এক ঘণ্টা পর দাফন করা হলো পুলিশ সদস্য রনিকে

ছুটি নিয়েও অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে যাওয়া হলো না তার, দেখা হলো না সন্তানের মুখ

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন রনি শিকদার (২৬) নামের ওই পুলিশ সদস্য।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

বুধবার রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার করার কথা ছিল, সেজন্যই ছুটি নিয়েছিলেন তিনি। তবে পৌঁছানো হয়নি স্ত্রীর কাছে। পথেই লাশ হলেন তিনি।

এদিকে, রনির মৃত্যুর দিনেই তার স্ত্রী শরীরও বেশি অসুস্থ হয়ে ওঠে। তাই একদিন আগেই তার অস্ত্রপচার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রনির লাশ যখন বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী সুমি আক্তারকে অস্ত্রোপচারের জন্য জরুরিভাবে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া আটটার দিকে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন সুমি। আর রাত ৯টার দিকে রনির জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত রনি শিকদার টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মহানগর পুলিশের সদর সার্কেলের সহকারী উপকমিশনার দ্বীন এ আলমের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে টাঙ্গাইলে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা উল্টো পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ সদস্য।

খবর পেয়ে তার লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় সেখান থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

   

About

Popular Links

x