Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে দিনেদুপুরে চলন্ত বাসে ছিনতাই, যাত্রীদের মালামাল লুট

যাত্রীরা জানান, শুক্রবার দুপুরের দিকে বাসটি সাভারের ব্যাংক টাউন ব্রিজের কাছে এলে তিনজন ব্যক্তি বাসে ওঠেন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৩০ এএম

ঢাকার সাভারে দিনেদুপুরে যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে বাসের চালক ও হেলপারসহ সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, শুক্রবার দুপুরের দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসটি চন্দ্রা থেকে ছেড়ে আসে। বাসটি সাভারের ব্যাংক টাউন ব্রিজের কাছে এলে তিনজন ব্যক্তি বাসে ওঠেন। তারা ধারালো ছুরির মুখে যাত্রীদের জিম্মি করেন। এ সময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাস থেকে নেমে যান। ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে বাসের চালক ও হেলপারসহ সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বাসটিতে থাকা রিপন সরকার নামে ভুক্তভোগী এক যাত্রী ঢাকা ট্রিবিউনকে জানান, চন্দ্রা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দুপুর দুইটার দিকে বাসটিতে ওঠেন তিনি। পথে তিনজন ব্যক্তি বাসটিতে ওঠেন। পরে ওই তিনজন ব্যক্তি ছুরি বের করে বাস যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাস থেকে নেমে যায়।

তিনি বলেন, “ছিনতাইকারীরা ছুরি ধরে আমার পকেটে থাকা ৩৫ হাজার টাকাও নিয়ে গেছে। ছিনতাই শেষে ছিনতাইকারীরা বাসের চালককে বাস থামাতে বলার পর চালক বাস থামালে তারা নেমে যায়। কিছুদূর যাওয়ার পর চালক, হেলপারও বাস থামিয়ে পালিয়ে যায়।”

বাসে থাকা আরেক নারী যাত্রী বলেন, “বাসটি ব্যাংক টাউন ব্রিজের কাছে এলে তিনজন বাসে ওঠেন। পরে দেখি তাদের হাতে ছুরি। তারা ছুরি ধরে আমাকে বলে সবকিছু খুলে দিতে। আমি প্রথমে দিতে না চাইলে তারা ছুরিকাঘাতের হুমকি দেয়। পরে আমি নিজ থেকেই আমার কানের দুল খুলে দেই। এ সময় তারা বাসের অন্যান্য যাত্রীদের কাছ থেকেও অস্ত্রের মুখে জিম্মি করে যার সঙ্গে যা ছিল, স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাস থেকে নেমে যায়।”

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

ইতিহাস পরিবহনের পরিচালক আব্দুল মান্নান ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। যাত্রীরা জানিয়েছেন তিনজন লোক অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করেছে। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল, যদিও কেউ বাধা দেয়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

বাস ও এর চালক-হেলপারকে পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, “এ ঘটনায় টুনি নামে একজন ভুক্তভোগী যাত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চালক ও হেলপার আমাদের হেফাজতে আছে, ওসি স্যার এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

   

About

Popular Links

x