Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেস থেকে খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:১৫ পিএম

একটি ভাড়া বাসা (মেস) থেকে তৌকির আহমেদ (২৩) নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তৌকির আহমেদের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের (বিভাগ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পাশের শাহ শিরিন সড়কের একটি ফ্ল্যাটবাড়িতে ভাড়া থাকতেন তিনি। প্রেমঘটিত কারণে তৌকির আত্মহত্যা করতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তবে তৌকিরের এক শিক্ষক পরীক্ষায় ফেল করার কারণে বিষণ্ন থাকার বিষয়টি জানিয়েছেন।

এ ঘটনায় হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খাইরুল বাশার সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

ওই ফ্ল্যাটবাড়ির কেয়ারটেকার সিয়াম জমাদ্দার বলেন, “দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাটের একটি কক্ষে ভাড়া থাকতেন তৌকির। অপর কক্ষে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থী। আজ সোমবার দুপুরের দিকে পাশের কক্ষের ওই শিক্ষার্থী তৌকিরের কাছে যাওয়ার জন্য দরজা নক করতে গিয়ে দেখেন, তা বন্ধ। পরে বিভিন্নভাবে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি মেরে দেখেন, তার শরীর ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তার চিৎকারে লোকজন ছুটে এসে তৌকিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে অন্য শিক্ষার্থীরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। হরিণটানা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।”

খুবির ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত বলেন, “প্রেমঘটিত সম্পর্কের জেরে পারিবারিকভাবেও চাপে ছিলেন তৌকির। পড়াশোনায়ও বেশি মনোযোগী ছিলেন না। এটা নিয়ে ডিসিপ্লিনের পক্ষ থেকে তাকে কাউন্সেলিং করানো হয়েছিল।”

   

About

Popular Links

x