টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) রাত ২টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ।
তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন মাটিচাপা পড়া বাড়ির মালিক রিয়াজ উদ্দিন (৫০) ও তার স্ত্রী রহিমা বেগম। এছাড়া তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) নিহত হয়েছে। তবে রিয়াজ ছাড়া অন্যদের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই গোলাপগঞ্জে ভারি বৃষ্টি হচ্ছে। গতকাল রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় আলভিনা গার্ডেনের বিপরীতে একটি বাড়ির পাশের টিলা ধসে পড়লে রিয়াজ উদ্দিনের ঘর চাপা পড়ে। এ সময় মাটিচাপা পড়েন রিয়াজ উদ্দিন, তার স্ত্রী এবং তাদের দুই সন্তান।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, “টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।”



