Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২ কেজি ২২০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হলো যে দামে

বড় আকৃতির ইলিশ সাধারণত গভীর সমুদ্রে থাকে

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১০:২৮ এএম

পটুয়াখালীর কুয়াকাটায সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৭,৭০০ টাকায়। তবে খুচরা বাজারে সেটি আরও বেশি দামে বিক্রি হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী।

রবিবার (৬ জুলাই) দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে। পরে শেষ বিকালে পার্শ্ববর্তী বাজারের বন্ধন ফিশে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

মাছটি আশাখালী বাজারের বন্ধন ফিশ-২ নামের আড়তে বিক্রির জন্য আনলে নিলামের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা মণ দরে ৩,৫০০ টাকা কেজিতে ৭ হাজার ৭০০ টাকায় ইলিশটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী কবির। তিনি মাছটি খুচরা বাজারে লাভের আশায় বিক্রির জন্য রেখেছেন।

জেলে জামাল মাতুব্বর সাংবাদিকদের বলেন, “মাছ ধরার উদ্দেশে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি। এ সময় অন্য মাছের সঙ্গে মাছটি জালে ধরা পড়ে। বড় মাছের দামও অনেক বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি বড় মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।”

বন্ধন ফিশ-২ আড়তের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, “এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি বেশি ধরা পড়বে।”

   

About

Popular Links

x