ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, ‘‘আপনারা বলেন তো, রমজান মাসে কি নির্বাচনী প্রচরণা করা যায়? এপ্রিলে নির্বাচন হলে কখন প্রচরণা চালাবেন, কখন আইনি প্রক্রিয়া হবে, কখন নমিনেশন পেপার জমা নেবে। এমন সময় নির্বাচন দরকার, যখন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকবে না, সেটাই উপযুক্ত সময় বলে মনে করি আমরা। তাহলে যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হয়, সেটা তো ভালো। ওই সময়ে আবহাওয়া ভালো, ঈদ নেই, পয়লা বৈশাখ নেই। ওই সময় যদি নির্বাচন হয়, তাহলে উপযুক্ত সময়, এপ্রিল উপযুক্ত সময় নয়। ওই সময় বৈশাখ মাস কালবৈশাখী হবে, তাণ্ডব চলবে।’’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘‘আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা বলেছেন লন্ডনের বৈঠকে নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি। কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেননি। আপনারা ৭১ সালে বিরোধিতা করেছেন। ’৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন। আপনারা ৯৫ সালে হাসিনার সঙ্গে বিএনপির বিরোধিতা করেছেন। আপনারা ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের।’’



