কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ছয়টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন - অটোরিকশার যাত্রী উপজেলার মধ্যচর গ্রামের বাসিন্দা রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাস যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০), একই এলাকার তাউস মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ট্রাফিক জ্যামে আটকে থাকা একাধিক যানবাহনের পেছনের দিক থেকে ধাক্কায় যাত্রীবাহী ঢাকাগামী সোহাগ বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
দিগন্ত পরিবহনের যাত্রী নাহিদ ইসলাম দাবি করেন, ভৈরব টোলপ্লাজার কাছে এসে বাসটির ব্রেক কাজ করছিল না। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনে ধাক্কা দেয়। তিনি নিজেও আহত হয়েছেন।
আরেক যাত্রী সিরাজুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এর চালক গুরুতর আহত হয়েছেন।”
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত যান উদ্ধার করেন। গুরুতর আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুটি বাসের চালকই পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



