Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু

ধানবোঝাই ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনজন সড়কে পড়ে যান। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে পিষ্ট করার পর সড়কে উল্টে যায়

আপডেট : ২১ মে ২০২২, ১০:৪৪ পিএম

বগুড়ায় ঐতিহাসিক মহাস্থানগড়ে বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও কাহালু থানার ওসি আমবার হোসেন।

শুক্রবার (২০ মে) রাতে কাহালু উপজেলার বারমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদরের শিকারপুর এলাকার মো. আবদুল্লাহ (২৫), মঙ্গলপুর গ্রামের মোটরসাইকেল মেকানিক সাগর হোসেন সাকিদার (২৮) ও কদমতলি গ্রামের সৈকত হোসেন সাকিদার (২২)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ওই তিন যুবক শুক্রবার মোটরসাইকেলে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বেড়াতে যান। দিনভর বেড়ানো শেষে তারা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তারা বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছান। এ সময় তারা একটি ধানবোঝাই ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনজন সড়কে পড়ে যান। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে পিষ্ট করার পর সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সৈকত মারা যান।

ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবদুল্লাহ ও সাগরকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ভর্তি করার পরপরই আবদুল্লাহ মারা যান। চিকিৎসকরা গুরুতর আহত অপরজন সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে থাকায় বগুড়া-নওগাঁ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে কাহালু, দুপচাঁচিয়া ও সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

   

About

Popular Links

x