রাজধানীর এয়ারপোর্ট রোড এলাকায় আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলবে। এ জন্য উল্লেখিত সময় বিকল্পপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২১ নভেম্বর) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের পরিচালক এ এস এম ইলিয়াস শাহের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিটি পত্রিকায়ও প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর সন্ধ্য ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়ক উন্নয়নের কাজ চলমান থাকবে।
এর ফলে ওই সড়কে “যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় উক্ত করিডোরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।”
বিআরটি প্রকল্পের তথ্য অনুযায়ী, বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০.৫ কিলোমিটার। প্রকল্পের মধ্যে আছে আবদুল্লাহপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক ও ৬টি উড়ালসেতু।
এছাড়া, সড়কের প্রধান করিডোরের সঙ্গে সংযোগের জন্য বিভিন্ন অংশে ১১৩টি সংযোগ সড়ক, ২৫টি বিআরটি স্টেশন, ঢাকা বিমানবন্দর ও গাজীপুরের শিববাড়ি এলাকায় দুটি বাস টার্মিনাল থাকছে প্রকল্পে।
বাস স্টপেজে প্রবেশ ও বের হওয়া এবং পথচারী পারাপারের জন্য ৩০টি আন্ডারপাস, নতুন সড়কের দুপাশে উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন ৪১ কিলোমিটার ড্রেন ও ২০.৫ কিলোমিটার দীর্ঘ ফুটপাতও থাকছে এ প্রকল্পের অধীনে।



