Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিকটকের আড়ালে ‘সমকামী ভিডিও’, পুলিশের জালে ধরা দুজন

স্কুল-মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ভিডিও তৈরি করত তারা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে টিকটকের আড়ালে স্কুল ও মাদ্রসাপড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে “সমকামী ভিডিও” তৈরির দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল থেকে সমকামী ভিডিওসহ শতাধিক পর্ন ভিডিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

গ্রেপ্তারকৃত হলেন ঘোড়াঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মোতাহার হোসেন (৩২) ও মরিচপাড়া গ্রামের মেজবা মিয়া (২৭)।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) রাতভর ঘোড়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে মেজবা নিয়মিত টিকটক বানান এবং মোতাহার রিকশাচালক। পুলিশ বলছে, তাদের দুজনের মূল পেশা সমকামী ভিডিও তৈরি।

পুলিশ জানায়, স্কুল ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করত তারা। আবার সরাসরি নিজেরাও তৈরি করত এমন ভিডিও।

ভুক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে বুধবার সকালে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “তারা দুজনেই যোগসাজশে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। তবে ভিডিওধারণ শেষে আরও ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করত। এতে অস্বীকৃতি জানালে তারা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। তাদের ফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি।”

এ ঘটনায় বুধবার বিকেলে থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে পুলিশ। সংবাদ সম্মেলনে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ বলেন, “গ্রেপ্তারকৃত দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এর সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদের শনাক্তে আমরা কাজ করছি। আসামিদের  দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করব।”

   

About

Popular Links

x