দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, ইউল্যাব ও জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৯ আগস্ট) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী শাহেদ আহমেদ।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, “খবরের কাগজ” ও “আজকের কাগজ”র প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার অন্যতম পথিকৃত। দেশে প্রথম অর্গানিক চা বাগান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করে এবং ১৯৭৫ সাল থেকে আবাহনী ক্লাব পরিচালনার থেকে যুক্ত থেকে তিনি দেশের শিক্ষা, শিল্প, ক্রীড়ায় যে অবদান রেখেছেন, তা তাকে স্মরণীয় করে রাখবে।
কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী। বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। মেজো ছেলে কাজী আনিস আহমেদ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক। ছোট ছেলে ইনাম আহমেদ জেমকন গ্রুপের পরিচালক।



