বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের শেষ জানাজা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা পরিচালনা করেন গুলশান কেন্দ্রীয় মসজিদের (আজাদ মসজিদ) ইমাম মাওলানা ফাহিমুর রহমান।
মঙ্গলবার (২৯ আগস্ট) বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে কাজী শাহেদ আহমেদের বড় ছেলে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জানাজায় অংশ নেন- ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, খালিদ মাহমুদ সুজন, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন এবং জেমকন গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা।
এর আগে ধানমন্ডি ৭ নম্বর সড়কের বায়তুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম মোহাম্মদ জামাল। এরপর তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডির আবাহনী মাঠে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষ কাজী শাহেদ আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ধানমন্ডির আবাহনী মাঠ থেকে মরদেহ নিয়ে আসা হয় গুলশানের আজাদ মসজিদে (গুলশান কেন্দ্রীয় মসজিদ)। এখানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী শাহেদ আহমেদ। তার বয়স হয়েছিল ৮২ বছর ৯ মাস। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী। বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি। মেজো ছেলে কাজী আনিস আহমেদ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক। কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।



