Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইজিপি: ৪২ জনের অবস্থা আশঙ্কাজনক

দিবাগত রাত ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:২৪ এএম

ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ৪২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১টার পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন তিনটি মরদেহ পাওয়া গেছে। এছাড়া ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।”

এর আগে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান বলেন, “ভবনটির দোতলায় মূলত আগুন লাগে। ভবনটি নিরাপদ ছিল না, সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না। সাত তলা বিশিষ্ট ভবনটির উপরে চিলেকোঠা ছিল।”

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় ‘‘কাচ্চি ভাই’’ নামের একটি খাবারের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিবাগত রাত ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। দ্রুতই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা লোকজন আতঙ্কে উপরে উঠে যায়। ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মৃতের মধ্যে ৩৩ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ এবং ১০ জনের মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে। আর ভবনটি থেকে ১১৭ জনকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।

টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ০৩:২৪
আইজিপি: ৪২ জনের অবস্থা আশঙ্কাজনক
   

About

Popular Links

x