Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: গণপূর্ত-রাজউককে আরও সজাগ হওয়া উচিত

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধের পক্ষে না। কিন্তু হাসপাতালগুলোতে যা যা দরকার, সেগুলো যদি তারা মেনে চলে তাহলে কোনো আপত্তি নেই’

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৪:১১ পিএম

ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির মত ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেছেন, “এটা আমার বিষয় না। তবে আমার মনে হয় গণপূর্ত ও রাজউককে আরও সজাগ হওয়া উচিত। একটা সাধারণ ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল।”

শনিবার (২ মার্চ) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটির “২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে” অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “গ্রিন কোজি কটেজে লাগা আগুনে হতাহতের ঘটনার চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি মনে করি এসবের বিরুদ্ধে অভিযান চলা উচিত।”

এর আগে সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শুক্রবার বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে আমাকে ডেকে নিয়ে বলেছেন- ‘চিকিৎসকদের পদোন্নতি হচ্ছে না কেন? তোমাকে দায়িত্ব দিয়েছি, পদোন্নতির ব্যবস্থা করো।’ সুতরাং, আপনারা আমার ওপর ধৈর্য রাখেন। আমি রাতারাতি সবকিছু বদলাতে পারব না। তবে আমি বিশ্বাস করি, আমার চিকিৎসক ভাইয়েরা যদি ভালো থাকেন, সুখে থাকেন, তাহলে তারা সেবা দিতে পারবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধের পক্ষে না। কিন্তু হাসপাতালগুলোতে যা যা দরকার, সেগুলো যদি তারা মেনে চলে তাহলে কোনো আপত্তি নেই। অতীতে কী হয়েছে সেগুলো বলে লাভ নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট- হাসপাতাল থাকবে, অবশ্যই থাকবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারিও থাকবে।”

সামন্ত লাল সেন বলেন, “আমরা যে অভিযান চালাচ্ছি, এই অভিযান চলবে, এটি বন্ধ হবে না। প্রয়োজন হলে আমিও যাব। আমরা সংশোধন করে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।”

টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ১৬:১১
স্বাস্থ্যমন্ত্রী: গণপূর্ত-রাজউককে আরও সজাগ হওয়া উচিত
   

About

Popular Links

x