ঢাকার বিভিন্ন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকালের দিকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন স্থানীয় রাজনীতিবিদরা।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।
তবে কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন থাকলে ভোট শেষ হতে আরও দেরি হতে পারে। অর্থাৎ যারা ভোট দিতে আসবেন, তাদের ভোট দেওয়া শেষ হলেই ভোট বন্ধ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রকাশ চন্দ্র সরকার ঢাকা ট্রিবিউনকে বলেন, “নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।”
মাহুতটুলী সরকারি বালক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা জানিয়েছেন, ভোট দিতে পেরে তারা খুশি।
স্থানীয় কাউন্সিলর ঢাকা ট্রিবিউনকে বলেন, “ভোটের পরিবেশ ভালো। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।”
পুরান ঢাকার তিনটি (ঢাকা-৪, ঢাকা-৬ ও ঢাকা-৭) আসনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রার্থী রয়েছেন ঢাকা-৪ আসনে নয়জন, ঢাকা-৬ আসনে সাতজন এবং ঢাকা-৭ আসনে ছয়জন।
ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোটে আছেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব আওলাদ হোসেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে রয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন। এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হামিদুর রেজা খান ভাসানী (আম), সিরাজুল আলম (পাট), আমিনুল ইসলাম সরকার (মাছ), সৈয়দ নাজমুল হুদা (সাইকেল)।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাবেক মেয়র সাঈদ খোকন। এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হামিদুর রেজা খান ভাসানী (আম), সিরাজুল আলম (পাট), আমিনুল ইসলাম সরকার (মাছ), সৈয়দ নাজমুল হুদা (সাইকেল)।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন হাজী সেলিমপুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম। এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মো. ইদ্রিস বেপারী (মশাল), জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আফসার আলী (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মাসুদ পাশা (আম) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরজাহান বেগম (ছড়ি)।



