কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
হাতঘড়ি প্রতীকে সৈয়দ ইবরাহিম পেয়েছেন ৮১,৯৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২,৮৯৬ ভোট।
এই আসনের তিনটি কেন্দ্রে গোলযোগের কারণে স্থগিত রাখা হয়েছে ভোট। ভোটের ব্যবধানের সমপরিমাণ ভেঅট স্থগিত তিন কেন্দ্রে না থাকায় সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।
এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



