দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পর্যবেক্ষক দল।
রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ পরিদর্শন শেষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানায় পর্যবেক্ষক দল।
এ সময় পর্যবেক্ষক দলের প্রতিনিধি ও সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, “আমি যেটি দেখেছি সেটি হচ্ছে—নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে।”
তিনি বলেন, “বিশ্বের কোনো দেশেই বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয় না। ৬, ৭, ৮ ও ৯টা পর্যন্তও ভোটগ্রহণ চলে। এমনকি কিছু দেশে ভোটগ্রহণ প্রক্রিয়া কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। ফলে বাংলাদেশের এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলাটা ভুল বলে হবে।”
তিনি আরও বলেন, “আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়ার মতো অনুসন্ধানী ও সৎ নয়। এখানকার গণমাধ্যম যেটি বাস্তবে হয় সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।”
এ সময় আরেক মার্কিন পর্যবেক্ষক আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস-এর প্রধান নির্বাহী আলেক্সান্ডার বি গ্রে বলেন, “আমি নিজের চোখে যা দেখেছি সেটি হচ্ছে—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করা হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে কেন্দ্রে গেছেন।”
তিনি বলেন, “আমি এবং আমার সঙ্গী প্রক্রিয়াটি দেখেছি। আমরা প্রায় ১০টি সেন্টার ঘুরে দেখেছি। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।”



