দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।
রবিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বশির উদ্দিন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, “ঢাকা ১৪ আসন ঘিরে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। তবে ভোটাররা নিজেরাই হাজির হয়ে বলবেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।”
সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
বিএনপির বর্জনের আহ্বানের মধ্যে ডাকা হরতালে সহিংসতার আশঙ্কায় সকাল থেকে এ কেন্দ্রে তেমন ভোটার দেখা যায়নি।
তবে মইনুল হোসেন খান নিখিল আশা প্রকাশ করেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।
সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেওয়ার পর ভোটারদের উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন শীতের সকাল। আমার বিশ্বাস ভোটাররা সময় মতো আসবেন।”
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
ঢাকা-১৪ আসনের মোট ভোটার ৪,১৮,২১২ জন; এর মধ্যে ২,১৩,৪৬৬ জন পুরুষ ভোটার; নারী ভোটার ২,০৪,৭৪২ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার চারজন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলা কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ আসন গঠিত।
এ আসনে ১৩ জন প্রার্থী লড়ছেন, এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী পাঁচজন। তারা হলেন সাবিনা আক্তার তুহিন, মো. মহিবুল্লাহ, জেডআই রাসেল, মোহাম্মদ এমরুল কায়েস খান ও মো. লুতফর রহমান।
এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো. আলমাছ উদ্দিন এবং সোনালী আঁশ প্রতীত নিয়ে তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্য প্রার্থীরা হলেন, এওয়াইএম কামরুল ইসলাম, মো. আবু হানিফ, মো. মাহবুব মোড়ল, শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ ও মো. আসিফ হোসেন।



