ভারতে চিকিৎসা করাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম। তার মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ধোাঁয়াশায় স্থানীয় আওয়ামী লীগও।
এমপি আনোয়ারুলের হত্যাকাণ্ডে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও স্থানীয় সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু।
তিনি বলেন, “আমরা মর্মাহত। একজন সংসদ সদস্য পাশের রাষ্ট্রে গিয়ে খুন হবেন, এমনটি ভাবিনি। তার মৃত্যুতে আমরা ক্ষতিগ্রস্ত হলাম, কালীগঞ্জ আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হলো।”
স্থানীয় এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দলের লোক, আত্মীয়, বন্ধু যে-ই জড়িত থাকুক- তাদের আমরা আইনের আওতায় আনতে চাই।”
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মতিয়ার রহমান মতি বলেন, “এমপি আনোয়ারুল আজীম চিকিৎসা নিতে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি জানতে পারলাম তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনকে বিষয়টি জানালে তারা তৎপর ছিল। কিন্তু দুঃখজনক হলেও জানতে পারলাম তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ এই হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে জাতির সামনে তুলে ধরা হোক।”
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, “তিনি গিয়েছিলেন কানের চিকিৎসার জন্য। ঘটনা শুনে আমরা ব্যথিত ও মর্মাহত। বলার ভাষা নেই।”
সংগঠন কী ভাবছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আমাদের ধোঁয়াশার মধ্যে রেখেছে এ যাবৎ। এ বিষয়ে এখনই আমি মন্তব্য করতে পারছি না।”
এমপি আনারের মরদেহ কখন দেশে আসবে সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি। তবে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির ধারণা, ময়নাতদন্ত ও দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরতে দেরি হতে পারে।
চিকিৎসার জন্য গত ১২ মে কলকাতায় যান এমপি আনোয়ারুল আজিম। এরপর আট দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন “সঞ্জিভা গার্ডেন” থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানায় স্থানীয় পুলিশ। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের মরদেহ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।



স্বরাষ্ট্রমন্ত্রী: এমপি আনোয়ারুল পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার, দেশে আটক ৩
আইজিপি: এমপি আনোয়ারুলের মৃত্যু নিয়ে ভারত এখনো কিছু জানায়নি